অবশেষে রাতের আঁধারে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে সরানো হল গ্রিক দেবীর আদলে করা ভাস্কর্য। গতকাল (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ভাস্কর্যটি সরানো হয়।
এ সময় সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাস্কর্য অপসারণ করে সরকার হেফাজতে ইসলামের কাছে মাথানত করলো।
এদিকে, শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ কাঁদানে গ্যাস ও জল-কামান ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল।
হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল বেশকিছুদিন থেকেই সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে আসছিল।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ ভাস্কর্য সরানোর কাজ হয়। এ সময় সুপ্রিম কোর্টের ফটকের সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।
ভাস্কর্য পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ-সমাবেশ করে বাম সংগঠনের নেতাকর্মীরা।
সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দোয়েল চত্বর হয়ে সুপ্রিম কোর্টের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ দফায় দফায় টিয়ার শেল, রাবার বুলেট ও জলকামান ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় বেশকয়েকজন নেতাকর্মী আহত হন। বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।
এরপর ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সুপ্রিম কোর্টের সামনে গিয়ে জড়ো হন। সেখানে শনিবার ঢাকাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় প্রগতিশীল জোট।
এছাড়া চারুশিল্পী সংসদ চারুকলার সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।