ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন। পরে শ্যামল কান্তি ভক্তের পরিবারের সদস্য, মামলাটি দ্রুত খারিজ করে দেয়ার দাবি জানান যাতে করে তাকে আর হয়রানি হতে না হয়।
ধর্মীয় অবমাননার অভিযোগে সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে গত বছর ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে কানধরে উঠ-বস করানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে ওঠে সমালোচনার ঝড়।
পরে ১৪ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীকে মারধর ও শিক্ষককে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তির বিরুদ্ধে তিনটি মামলার আবেদন করা হয় হয়।
আদালত সেদিনই প্রথম দুটি অভিযোগ খারিজ করে দেন। তৃতীয় অভিযোগে দায়ের করা মামলায় আজ জামিন পেলেন শ্যামল কান্তি।