রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার বিভিন্ন পয়েন্টে সিঁড়ি অপসারণ করতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
আইনজীবীরা জানান, এর ফলে ফ্লাইওভারের মাঝপথের সিঁড়ি অপসারণ করতে হবে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের আবেদন (লিভ টু আপিল) খারিজ করেছে আপিল বিভাগ।
গত ৩১ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে হানিফ ফ্লাইওভারের মাঝপথের সিঁড়ি অপসারণের নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড লিভ টু আপিল করে।
আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
প্রসঙ্গত: যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠার জন্য সিঁড়ি ও বাসস্টেশন করা হয়েছে এসব স্টেশনে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী উঠানামার কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।