শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন বাতিল করেছে হাইকোর্ট।
পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাকে চাদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানিত ছিলেন আইনজীবী মো. শাহরিয়া কবির ও সারওয়ার হোসেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম।
আইনজীবী মো. শাহরিয়া কবির বলেন, চেয়ারম্যানকে এখন বিচারের মুখোমুখি হতে হবে।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে দেয়া জামিনের আদেশ বাতিল চেয়ে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে আবেদন করেন।
গত ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাদপুর শিশু আদালতের বিচারক ওই উপজেলা চেয়ারম্যানকে জামিন দিয়েছে, সে বিষয়ে বিচারককে ব্যাখ্যা জানতে চাওয়া হয়। জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।
গত ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন। ওই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত চেয়ারম্যানের জামিন মঞ্জুর করে। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনটি করা হয়।