রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৬ আগস্ট ঠিক করা হয়েছে। সোমবার আসামিপক্ষ সময়ের আবেদন করলে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ঠিক করা হয়।
আসামিপক্ষ আদালতকে জানায়, মামলার বিচার শুরুর আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। তবে এখনো মামলার নকল কপি পাননি। যে কারণে তারা আবেদনও করতে পারেননি। এ কারণে তারা সময় চান বলে জানান।
পরে আসামিপক্ষের এ আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করে আদালত। শুনানিকালে আদালতের কাঠগড়ায় ছিলেন সাফাত আহমেদসহ মামলার আসামিরা আর মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শুনানির আগেই আদালতে হাজির ছিলেন।
বনানীতে ধর্ষণের ঘটনায় গত ১৩ জুলাই সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফের বিরুদ্ধে ধর্ষণের অপরাধে অভিযোগ গঠন করা হয়।
আর সাফাতের আরেক বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অপরাধে অভিযোগ গঠন করা হয়।