বন্ধ থাকা মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালু করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
সিটিসেলের পক্ষে আইনজীবী আহসানুল করিম বলেন, এ আদেশের ফলে তরঙ্গ বরাদ্দের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলা হয়েছে—এর ফলে দেশের প্রথম মোবাইল অপারেটরটি আবার কার্যক্রমে ফিরতে পারবে।
তিনি বলেন, গত ৩ নভেম্বর দুটি শর্তে সিটিসেলের তরঙ্গ বরাদ্দের সংযোগ দেয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। একটি ছিল, উদ্ভূত বিরোধ নিরসনে একটি কমিটি গঠন করা ও অন্যটি ১০০ কোটি টাকা ১৯ নভেম্বরের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করতে হবে।
গত বছরের ১৭ নভেম্বর সিটিসেল ওই অর্থ পরিশোধ করে অথচ চলতি বছরের ২৬ এপ্রিল বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বরাদ্দের লাইসেন্স বাতিলের জন্য নোটিশ দেয়। পরে ১১ জুন তরঙ্গ বরাদ্দ লাইসেন্স বাতিল ও তরঙ্গ বরাদ্দ বন্ধ করে দেয়।
এ অবস্থায় আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হলে আদালত আজ-মঙ্গলবার এ আদেশ দিয়েছে।
গত বছরে ২০ অক্টোবর ৪৭৭ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের (প্যাসেফিক বাংলাদেশ টেলিকম) তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এর বিরুদ্ধে ২৪ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে সিটিসেল কর্তৃপক্ষ। পরে ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে পাঠিয়ে দেয়।