বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের উপর জাতীয় ক্রীড়া পরিষদ-এনএসসির আনা সংশোধনী অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দুই সংস্থার আপিলের নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ নিষ্পত্তি করেছে।
বিসিবির আপিলে বলা হয়, ২০১২ সালের ১ মার্চ বিশেষ সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করে জাতীয় ক্রীড়া পরিষদে পাঠায় বিসিবি।
কিন্তু ক্রীড়া পরিষদ বিসিবির সাধারণ পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে নিজেদের মনগড়া সংশোধনী আনে। এটি গঠনতন্ত্রের স্পষ্ট লঙ্ঘন।
বিসিবির সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু, ২০১২ সালের নভেম্বরে বিসিবির গঠনতন্ত্রের সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
এই রিটের পরিপ্রক্ষিতে একই বছর ১৩ ডিসেম্বর রুল জারিসহ সংশোধনীর উপর তিন মাসের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৩ সালে ২৭ জানুয়ারি আদালত সংশোধনী অবৈধ করে রায় দেয়। ছয় মাস পর ২৫ জুলাই এ রায়ের বিরুদ্ধে আপিল করে বিসিবি ও এনএসসি।