দ্বিতীয় দফায় গৃহস্থালী গ্যাসের দাম বৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে গ্রাহকদের কাছ থেকে আগামী ১ আগস্ট থেকে এক চুলার জন্য ৭৫০ ও দুই চুলার জন্য ৮০০ টাকা নেয়া হবে।
রোববার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ আদেশ পত্রিকার বিজ্ঞপ্তি আকারে জনগণকে জানাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন-বিইআরসিকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিইআরসি। পরে গ্যাসের দাম বৃদ্ধি প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি দেয় বিইআরসি। এর বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের কনজ্যুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন রিট করেন।