মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার আট জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে প্রতিবেদনটির সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।
তারা হলেন- আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মোজাহার আলী শেখ (৬৫), সহর আলী সরদার (৬৫), আতিয়ার রহমান (৭০), মোতাছিম বিল্লাহ (৮০), কামাল উদ্দিন গোলদার (৬৬), নজরুল ইসলাম (৬০) ও আশরাফ শেখ (৮০)।
সানাউল সাংবাদিকদের বলেন, এ আটজনের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার চারটি অভিযোগ আনা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে বলে তিনি জানান।
২০১৫ সালের ১৫ নভেম্বর তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আন্তর্জাতিক অপরাধ সংস্থার ৫৩তম এ মামলার তদন্ত শুরু করেন। এ মামলার মামলায় মোট ৪১ জনকে সাক্ষী করা হয়েছে।
তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক বলেন, আসামিদের মধ্যে মোজাহার আলী শেখ ছাড়া বাকিরা সবাই বটিয়াঘাটারই বাসিন্দা। মোজাহারের বাড়ি দাকোপ থানায়।
তিনি বলেন, গত ৯ মার্চ আসামিদের মধ্যে ছয় জনকে ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। বাকি দুই জনের মধ্যে নজরুল পলাতক আছে এবং আশরাফ গত ৫ জুন মারা গেছেন।
সানাউল বলেন, এদের মধ্যে আমজাদ ও মোজাহার মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম করতেন। প্রথম জন এখন জামাতের সমর্থক হলেও পরের জন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
আতিয়ার, সহর, মোতাছিম, কামাল ও নজরুল মুক্তিযুদ্ধের সময় জামাতের সমর্থক ছিল এদের মধ্যে আতিয়ার এখনও জামাতের সমর্থক থাকলেও অন্যরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন।