আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর রহমান খানকে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
আমানুরের জামিন বিষয়ে আপিল আদালতের দেয়া আদেশ সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছে আপিল বিভাগ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, শুনানির দিনে নিম্ন আদালতে আমানুরকে হাজির করা হয় না— এ বিষয়ে আদালতের নির্দেশনা দেয়ার আরজি জানাচ্ছি। পরে আদালত আবেদন শুনানি মুলতবি করে ওই আদেশ দেন।
এর আগে জামিন বিষয়ে আদেশ সংশোধন চেয়ে আবেদন তুলে ধরে আমানুরের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
গত ৮ মে এই মামলায় সাংসদ আমানুর রহমান খানের জামিন চার মাসের জন্য স্থগিত করে আপিল বিভাগ— পাশাপাশি এ সময় পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়।
এর আগে গত ১৩ এপ্রিল ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের জামিন দেয় হাইকোর্ট।
উল্লেখ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে আমানুর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।