রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র জমা দিতে পারেনি মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিক আগামী ১১ অক্টোবর আবার নতুন দিন ঠিক করেছেন।
তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত সুপার রায়হান উদ্দিন খান প্রতিবেদন দাখিল করতে পারেননি বলে এ সময় দিয়েছে আদালত।
এ আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, এ নিয়ে প্রতিবেদন দাখিলের মোট ১৭ বার দিন পেছানো হয়েছে।
প্রসঙ্গত: গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ওই বছরের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন।
মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়।
এ মামলা তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডিকে প্রতিবেদন দাখিলের জন্য গত বছরের ১৯ এপ্রিল প্রথমবারের মতো দিন ঠিক করে আদালত।
চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভের অর্থ ফিলিপিন্সের রিজল ব্যাংকে যাওয়ার পর ইতোমধ্যে দেড় কোটি ডলার ফেরত এসেছে বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।