প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করেছেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরুর পর অ্যাটর্নি জেনারেলসহ অন্যান্য আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করেন তিনি।
পরে তার নেতৃত্বে হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে ফুল কোর্ট সভা হয়।
এদিকে, চাপের কারণেই প্রধান বিচারপতি ছুটিতে যেতে বাধ্যে হয়েছেন বলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অভিযোগ তুললেও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তবে স্বাধীন বিচার বিভাগের জন্য এ ধরনের ঘটনা কাম্য নয় বলে অভিমত আইনজ্ঞদের।
শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সোমবার রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই দিন রাতেই বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ আপিল বিভাগের কার্যক্রম শুরু করে। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সাক্ষাত করেন।
দুপুরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিভিন্ন মহলের চাপের কারণেই প্রধান বিচারপতি ছুটিতে যেতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
বুধবার সমিতির সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীদের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
তবে তার এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল ও আওয়ামীপন্থী আইনজীবীরা।
আইনজীবী সমিতিকে বিশেষ একটি দল রাজনৈতিক কাজে ব্যবহার করছে বলে অভিযোগ শ ম রেজাউল করিমের।
তবে, আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের ঘটনাকে উদ্বেগজনক বলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক।