রাজধানীর হাতিরঝিলে ১৬ তলা বিজিএমইএ ভবন ভাঙেতে পোশাক রপ্তানিকারকদের সংগঠনকে আরো সাত মাস সময় দিয়েছে আপিল বিভাগ।
রোববার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।
সকালে বিজিএমইএর ভবন ভাঙার জন্য আরও একবছর সময় চেয়ে করে পরে ওই আবেদনের ওপর শুনানি হয়।
রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গত মার্চে বিজিএমইএর আবেদনে আপিল বিভাগ ছয় মাস সময় দিয়েছিল, যা শেষ হয় ১২ সেপ্টেম্বর। এরপর থেকেই নতুন করে সাত মাস গণনা শুরু হবে।
শুনানিতে বিচারপতি ওয়াহহাব বলেন, এটাই শেষ সুযোগ— এরপর আর সময় চাইবেন না এর মধ্যে যা করার করবেন।
আদালতে বিজিএমইএ-এর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী।
অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলায় হাইকোর্টে অ্যামিকাস কিউরির দায়িত্ব পালন করা মনজিল মোরসেদও শুনানিতে উপস্থিত ছিলেন।