প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর স্বাক্ষর শেষ এখন রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের বাইরে যেতে পারবেন- জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা সঙ্গে সাক্ষাত শেষে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিজেই নিজের ছুটি নিতে পারেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থতার কারণ দেখিয়ে একমাসের ছুটি নেয়ার পর গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায়ার ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদন করার পর ভিসা পান তিনি। এরপর থেকেই জল্পনা কল্পনা চলছে তার বিদেশ যাওয়ার বিষয়টি নিয়ে। এর মধ্যে মঙ্গলবার প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার বিষয়টি রাষ্ট্রপতি আবদুল হামিদকে জানাতে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর বিদেশে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিচার প্রশাসনের কিছু প্রশাসনিক পরিবর্তন এবং ডিসেম্বরে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন উপলক্ষে বুধবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সুপ্রিম কোর্টে আসেন আইনমন্ত্রী।
সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারি আদেশ 'জিও' করার জন্য মন্ত্রণালয়ে যে চিঠি পাঠিয়েছেন তাতে সম্মতি দিয়ে প্রধানমন্ত্রী এবং তিনি স্বাক্ষর করেছেন।
রাষ্ট্রপতি কিশোরগঞ্জ থেকে ফেরার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
এসময় তিনি আরো জানান, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার বিষয়ে আলোচনার জন্য আপিল বিভাগের সব বিচারপতির সঙ্গে আলোচনা করা হবে।