বাপেক্স ও পেট্রোবাংলার সঙ্গে কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সের চুক্তি বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে নাইকোর করা আবেদনটি ৩ সপ্তাহের জন্য স্ট্যান্ড ওভার -মুলতবি করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
গত ২৪ আগস্ট বাপেক্সের সঙ্গে নাইকোর যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) চুক্তি এবং পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে চুক্তি দুটির আওতায় নাইকো কানাডা ও নাইকো বাংলাদেশের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে ফেরত দেয়ার রায় দেয়।
হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে নাইকো রিসোর্স (বাংলাদেশ) লিমিটেড আবেদন করে।
আদালতে নাইকোর পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী তানজিব-উল আলম।
তানজিব-উল আলম বলেন, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নাইকো আবেদনটি করে, আদালত স্থগিতাদেশ দেয়নি। আদালত জানিয়েছে রায়ের প্রত্যয়িত কপি নিয়ে আসতে তিন সপ্তাহের জন্য আবেদনটি স্ট্যান্ড ওভার রাখা হয়েছে। ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকছে।
বাংলাদেশে নাইকো এখন কেবল কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলনের কাজে অংশীদার। এ ছাড়া ছাতক ও ফেনী গ্যাসক্ষেত্রের সঙ্গে তারা যুক্ত। তবে ছাতকে গ্যাস উত্তোলনে কূপ খননের সময় দুর্ঘটনায় এটি পরিত্যক্ত হয়।