জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীর জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিয়ার নেতৃত্বাধীন ৫ বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলে আইনজীবী খুরশীদ আলম খান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজের মাধ্যমে বিচারিক আদালতে ওই ১১ সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি পেলেন না খালেদার আইনজীবীরা।
এর আগে ২২ অক্টোবর ১১ সাক্ষীর জেরা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে দুদক।