রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দায়ের মামলায় অভিযুক্ত টিটু রায়কে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের দুই মামলায় আরো ২৭ জনকে আটক করা হয়েছে।
অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার টিটু রায়কে বুধবার দুপুরে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
পরে আদালতের বিচারক দেবাংশু কুমার সরকার আবেদনটি আমলে নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার ভোরে টিটুকে নীলফামারীর জলঢাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়। তাকে আটকের পর গঙ্গাচড়া থানা থেকে মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে।
এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশকে অস্থিতিশীর করতে নাসিরনগর, রামু ও রংপুরের মতো ঘটনা গটানো হচ্ছে।
ধর্ম অবমাননার সঙ্গে টিটুর জড়িত থাকার প্রমান পেলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসুচি থেকে রংপুরসহ রামু ও নাসিরনগরের হামলারও নিন্দা জানানো হয়। ধর্ম অবমানার অভিযোগের নামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী পরিষদের কর্মীরা।
মানববন্ধন শেষে বের হয় মৌন মিছিল। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।