জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় মঙ্গলবার আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছেন তার আইনজীবী আবদুর রেজাক খান।
সকালে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে এ দুটি মামলার বিচারকাজ চলে।
এদিকে, বিশেষ আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে আদালত প্রাঙ্গণের প্রবেশ পথে বসানো হয় একটি আর্চওয়ে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামিপক্ষের তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন হয়।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। দুর্নীতি দমন কমিশনের প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ মামলার অনুসন্ধান প্রতিবেদন ও এজাহার পড়ার মধ্য দিয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন। দুই ঘণ্টারও বেশি সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ মামলার প্রধান আসামি খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন।
পরে ২০ ও ২১ ডিসেম্বর অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবীরা।