নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, আদালত গেজেটটি গ্রহণ করে আদেশ দিয়েছে তবে মাজদার হোসেন মামলাটি ম্যান্ডামাস (চলমান) রেখেছে।
আদালতে এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত বছর ১৩ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশের পর এ বিষয়ে আদেশের জন্য ২ জানুয়ারি দিন ঠিক করে আপিল বিভাগ।
গত ১১ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট জারি করা হয়— বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেয় আপিল বিভাগ।
তার আগে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় আপিল বিভাগ।
মামলার বিবরণ:
১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা সংক্রান্ত মাসদার হোসেন বনাম সরকার মামলার যুগান্তকারী রায় ঘোষণা করেন। রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে।
একইসঙ্গে জুডিসিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। তবে আপিল বিভাগের রায়ের আলোকে অধস্তন আদালতের জন্য পৃথক শৃঙ্খলা ও আচরণ বিধিমালা প্রণয়নের কথা হয়।
এ নিয়েই সরকার ও বিচার বিভাগের মধ্যে টানাপড়েন চলে দীর্ঘ দিন।