নির্বাহী হাকিমদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ে বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর পরবর্তী শুনানির আগামী মঙ্গলবার ঠিক করেছে আপিল বিভাগ।
ফলে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী হাকিমদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।
সর্বোচ্চ আদালত জানিয়েছে, হাইকোর্টের দেয়া রায়ে লিভ টু আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ চলমান থাকবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজীম।
মোতাহার হোসেন সাজু বলেন, লিভ টু আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে—ফলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী হাকিমদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।
পৃথক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১১ মে হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দেয়। এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনের পর ১৪ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। এরপর আপিল বিভাগ গত ২১ মে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল করে।