মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচ রাজাকারের বিরুদ্ধে রায় আগামীকাল-বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেছেন।
গত ২০ নভেম্বর প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
এ মামলার পাঁচ আসামি হলো: শামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মোবারক মিয়া, নেছার আলী, ইউনুছ আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী। তাদের মধ্যে ইউনুছ আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে এবং বাকি তিনজন পলাতক।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি ধরনের অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ।