এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি এনআরবিসির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই স্থগিতাদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, আদেশের ফলে আপাতত দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের কেন্দ্রীয় ব্যাংকের আদেশই বহাল রয়েছে।
দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তার সঙ্গে ছিলেন আইনজীবী হামিদা চৌধুরী।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করে গত রোববার চেম্বার আদালত যে আদেশ দিয়েছিল সে আদেশই চলমান থাকবে। সেইসঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।
গত বছরের ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
এই অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
রিটের পর ৭ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ রুলসহ স্থগিতাদেশ দেয়।
তবে ব্যাংকটির পর্ষদ তাকে তিন মাসের ছুটিতে পাঠিয়ে এ পদে চলতি দায়িত্ব দেয় ডিএমডি কাজী মো. তালহাকে।