ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল স্থগিত করেছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এম. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে গত ৯ জানুয়ারি জারি করা এ নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
রিটের পক্ষে শুননি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গির হোসেন সেলিম।
আর আদালতে রিট আবেদনটি দায়ের করেন ডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নুল আবেদিন।
গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। রিটে মন্ত্রীপরিষদ সচিব,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলাপ্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত চেয়ে পৃথক দুটি রিট দায়ের করেছিলেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
পরে ওই রিটের শুনানি শেষে বুধবার হাইকোর্ট ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে আদেশ দেন।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।