বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা হবে বলে জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার সকালে আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রের প্রধান তিন অঙ্গ-বিচার, আইন ও নির্বাহী বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়ে নব নিযুক্ত প্রধান বিচারপতি বলেন,আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে ন্যায় বিচার করা হবে।
মামলা জট এবং আদালত থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করা ও দক্ষ বিচারক নিয়োগে সচেষ্ট হওয়ার জন্য নতুন প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সংবিধান অনুযায়ী এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নব নিযুক্ত প্রধান বিচারপতি বলেন, বিচারক যদি তার শপথ অনুযায়ী বিচার কাজ পরিচালনা করেন তবে তার জন্য আলাদা আচরণবিধি করার প্রয়োজন হয় না।
দেশের উন্নয়ন এবং প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রে প্রধান তিনটি অঙ্গের সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
এদিকে, আদালত থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
আর মামলা জট কমানোসহ সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির বক্তব্যেকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
দক্ষ বিচারক নিয়োগ করাসহ নিরপেক্ষভাবে নব নিযুক্ত প্রধান বিচারপতি কাজ করবেন এমনটাই প্রত্যাশা উচ্চ আদালতে জ্যেষ্ঠ আইনজীবীদের।
উল্লেখ্য, দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শনিবার বঙ্গভবনে শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। প্রথা অনুযায়ী রোববার সকালে তাকে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এতে উভয় বিভাগের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।