ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার রায় আগামী ১৩ মার্চ ঘোষণার করা হবে।
মঙ্গলবার ফেনীর জেলা ও দায়রা জজ আমিনুল হক দুই পক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে এ দিন ঠিক করেন।
উল্লেখ, ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বড় ভাই রেজাউল হক জসিম ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
ফেনীর পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ বলেন, এ মামলায় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনী ৪৪ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ১৫ জন।
তিনি জানান, আসামি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আদেল, জিয়াউল আলম মিস্টারসহ ২০ জনের জামিন বাতিল এবং চারজনের জামিন বহাল রেখেছে আদালত।
এ নিয়ে একরাম হত্যায় ফেনী কারাগারে রয়েছেন বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ ৩৫ জন।
জামিনে বেরিয়ে পালাতক রয়েছেন পাঁচজন। আর সোহেল ওরফে রুটি সোহেল নামে এক আসামি র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।