আইনজীবীদের ভুলে নয়— সরকারের দুরভিসন্ধির কারণেই বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো কারাগারে রয়েছেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বুধবার সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার জামিন না হওয়া নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, আইনজীবীদের ভুলের কারণে নয়, সরকারের দুরভিসন্ধির কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো কারাগারে আছেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।
গত ২০ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
গত রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা জামিনের ওপর শুনানি শেষ হয়। তবে সাবেক প্রধানমন্ত্রীর জামিনের বিষয়ে কোনো আদেশ দেয়নি উচ্চ আদালত। নিম্ন আদালত থেকে মামলার রায়ের নথি উচ্চ আদালতে আসার পর আদেশ দেয়া হবে।
ওই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।