হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে আটকে যাওয়ায় বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক আ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখার নির্দেশনা কার্যকরে বাধা কেটেছে।
প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে রবির অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে দেশের সব ব্যাংককে যে চিঠি এনবিআর পাঠিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার তা স্থগিত করে দেয়।
বৃহস্পতিবার ওই আদেশের বিরুদ্ধে এনবিআরের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশ তিন দিনের জন্য স্থগিত করেছে।
এর ফলে এনবিআরের নির্দেশনা কার্যকর করতে কোনো আইনি বাধা থাকছে না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষে আপিল বিভাগে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
আর রবির পক্ষে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম।