একাত্তরে নোয়াখালীর সুধারামে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মত মানবতাবিরোধী অপরাধের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
তাদের মধ্যে আমির আলী, মোহাম্মদ জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে একেএম মনসুরের ফাঁসির রায় হয়েছে। আর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের হয়েছে ২০ বছরের কারাদণ্ড। এই চার আসামির মধ্যে মনসুর পলাতক। বাকি তিনজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে।
রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা তিন অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ডের তিন আসামির সাজা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করতে হবে। সেই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়ে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৬ সালের ২০ জুন এ মামলার বিচার শুরু করে আদালত।