জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলার প্রধান আসামি হিসেবে খালেদা জিয়াকে দেয়া বিচারিক আদালতের সাজাকে অপর্যাপ্ত মনে করায় এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
তবে, এ আবেদন রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে মনে করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
পাশাপাশি মামলার অন্য আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে আদালত।
প্রধান আসামি হিসেবে খালেদা জিয়ার এ সাজাকে অপর্যাপ্ত মনে করায় রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার সাজা বাড়ানোর জন্য আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এটি হাইকোর্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা।
এদিকে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার সাজা বাড়ানোর এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন।