জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ঠিক ধার্য করেছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।
এর আগে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়। এ সময় সময় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য হলফনামা দাখিল করা হয়। পরে আজ (মঙ্গলবার) এটি হাইকোর্টে উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ আবেদনের শুনানি নিয়ে গত ১২ মার্চ খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে পরদিন ১৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।
পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ দুই আবেদনের শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করে। পরে ওইদিন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদককে জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলে ৪ মাসের জামিন ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করে। এ আদেশ অনুসারে পরের দিন ১৫ মার্চ রাষ্ট্রপক্ষ ও দুদক লিভ টু আপিল দায়ের করে।
গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া এ মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।