বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার দুর্নীতি ও নাশকতার দুই মামলায় ঢাকা ও কুমিল্লার পৃথক আদালতে হাজিরের নির্দেশনা থাকলেও অসুস্থতার কারণে তাকে নেয়া হয়নি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামী ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আদালত।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।
বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আব্দুলাহ আবু বলেন, খালেদা জিয়াকে আজ আদালতে হাজিরের সব প্রস্তুতি ছিল কারাগারের চিকিৎসকরা জানিয়েছেন তিনি অসুস্থ। তাকে বাইরে বের করা যাবে না।
প্রসিকিউশনের পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া আদালতে আসনেনি। কি কারণে তিনি আসেনি এটা আমার জানা নেই। এটা কারা কর্তৃপক্ষ বলতে পারবে।
জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ১৩ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ২৮ ও ২৯ মার্চ ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক ড. আখতারুজ্জামান।
এর আগের দিন ১২ মার্চ কুমিল্লায় দায়ের হওয়া নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে ২৮ মার্চ আদালতে হাজিরের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ।
এর আগে এ ধরনের হাজিরার জন্য দিনে খালেদা জিয়াকে আদালতে নেয়া হয়নি।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, যেহেতু আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট পাঠানো হয়েছে তাই স্বাভাবিকভাবেই তাকে আদালতে হাজির করার কথা। সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল জানান, বুধবার খালেদা জিয়াকে হাজির করার চেষ্টা করবেন তারা।
এরই মধ্যে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।