দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমীর কলেজের স্নাতক বর্ষের ছাত্র রাজীব হোসেনের চিকিৎসা ব্যয়ে সংশ্লিষ্ট বাস মালিকদের বহনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেয়।
রুলে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাত হারানো রাজীব হোসেনকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে যাওয়ার সময় রাজীবের একটি হাত বের হয়ে ছিল। হঠাৎ পেছন থেকে আরেকটি বাস বিআরটিসির বাসটিতে ওভারটেক করতে গেলে দুইবাসের চাপে পড়ে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।