প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের প্রকৌশলী নাজমুল হকসহ ৩ জনের বিরুদ্ধে নতুন করে মামলার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এর আগে এ ঘটনায় ১১ আসামির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলা ও আন্তর্ঘাতমূলক কার্যক্রমের অভিযোগে করা মামলা থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়।
তবে মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিমানের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেন বিচারক। তারা হলেন: বিমানের প্রকৌশলী নাজমুল হক, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান ও শাহ আলম।
২০১৬ সালের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে।