শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার দায়ে পলাতক আসামি মোস্তাফিজুর রহমানকে ফাঁসির আদেশ দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।
রোববার টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
গত ২০১২ সালের ৪ এপ্রিল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম সাভারের বাইপাইল থেকে নিখোঁজ হন। দুই দিন পর টাঙ্গাইলের ঘাটাইল থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশ থেকে উদ্ধার করে।
‘কোনো দাবিদার না থাকায়’ ঘাটাইল থানা পুলিশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করে।
পরে পত্রিকায় ছাপা হওয়া মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা আমিনুলকে শনাক্ত করেন। তখন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে টাঙ্গাইল থেকে লাশ তুলে কালিয়াকৈর থানার হিজলহাটি মৃধাপাড়া এলাকায় গ্রামের বাড়িতে দাফন করা হয় আমিনুলকে।
ওই হত্যাকাণ্ড ওইসময় আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তোলে।
শ্রমিক সংগঠনগুলোর চাপের মধ্যে আসামি মোস্তাফিজুর রহমানের সন্ধান চেয়ে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করে সরকার। আজ এ মামলার রায় ঘোসণা করা হলো।