রাজধানীর গুলিস্থানে হকার উচ্ছেদের সময় অস্ত্র উঁচিয়ে গুলির ঘটনায় শাহবাগ থানার ‘হত্যাচেষ্টা’ মামলায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে শাহবাগ থানার জিআরও মাহমুদুল হাসান এ অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার দুই আসামি হলো: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
দেড় বছর আগে গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় হকার উচ্ছেদের সময় সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে থাকা সাব্বির ও আশিকের গুলি ছোড়ার ছবি প্রকাশ পেলে তাদের বহিষ্কার করে ছাত্রলীগ।
সাব্বির ও আশিক দুজনেই এ মামলায় জামিনে ছিল।
এসআই মাহমুদুল বলেন, সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করলে মহানগর হাকিম গোলাম নবী তা মঞ্জুর করেন।
মাহমুদুল হাসান জানান, গত ১১ এপ্রিল শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন সিএমএম আদালতে আভিযোগপত্রটি দাখিল করেন। মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে।
উল্লেখ, ২০১৬ সালের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের ফুটপাত উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগও অংশ নেয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করেন।
ওই ঘটনায় শাহবাগ থানার এসআই মো. মান্নান ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।