মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে দায়ের করা মামলায় নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি আগামী ৮ মে ধার্য্য করেছে আদালত।
সোমবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের প্রেক্ষিতে আগামী ৮ মে শুনানীর আদেশ দেন তিনি।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নড়াইলের রায়হান ফারুকী ইমাম ২০১৫ সালের ২৪ ডিসেম্বর বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই অভিযোগে ওই বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে আরো একটি মানহানির মামলা করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ।
একই দিনে, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামেও মামলা করেন তিনি।
এ মামলায় ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ দেয় আদালত। দায়েরকৃত মামলায় গতবছরের ২৫ জুলাই তার বিরুদ্ধে সমন জারি করে একই আদালত।