বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় আগামী ১৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে মামলাটির এ অভিযোগ গঠন শুনানি হয়।
এ সময় আদালতে খালেদা জিয়া, মওদুদ আহমেদের পক্ষে সময়ের আবেদন করেন। খালেদা জিয়া কারাগারে আসেন সেই বিষয়ে আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এ জন্য সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেছে আদালত।
গত ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।