নেত্রকোণায় মাইক্রোবাস চালক সোলায়মান নামের এক ব্যক্তি হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো: মুন্সীগঞ্জের মো. হাসান আলী, আব্দুল মালেক, নেত্রকোণার মো. মুন্নাফ মিয়া ও গাজীপুরের সেলিম সরকার। আসামিরা সবাই পলাতক।
পিপি সাইফুল আলম প্রদীপ বলেন, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে খালাস দিয়েছে আদালত।
উল্লেখ, ২০১৩ সালের ১৬ জানুয়ারি যাত্রী সেজে নেত্রকোণা সদর উপজেলার বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলায়মানকে নিয়ে যান আসামিরা। পরে তাকে হত্যা করে মাইক্রোবাসটি নিয়ে যায় তারা। ঢাকার গাজীপুর থেকে সোলায়মানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৮ জানুয়ারি নিহতের ভাগ্নে নুরুল আমীন বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করে। তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করে ।