বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৪ জুন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি শেষে যুক্তিতর্ক শুনানি পিছিয়ে ৪ জুন করে ওইদিন পর্যন্ত তার জামিনের মেয়াদ বর্ধিত করেছে।
এদিন খালেদা জিয়ার জামিন বর্ধিত করার আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
দুদকের আইনজীবী মোশাররফ হেসেন কাজল শুনানিতে বলেন, খালেদা জিয়া ইচ্ছা করেই আদালতে উপস্থিত হচ্ছেন না। খালেদা অসুস্থ বলে হাঁটতে চান না, হুইল চেয়ারে উঠবেন না, আবার ১০০ গজ হাঁটতেও পারবেন না। মূলত আইনজীবীদের পরামর্শে তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চার জন।
খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়য় সাদেক হোসেন খোকা।
প্রসঙ্গত: গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।