জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আগামীকাল (বুধবার) আদেশ দেবে আদালত।
বিএনপি নেত্রীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিলের জন্য মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে আবারো শুনানি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদেশের এ দিন ধার্য করে আদালত।
এর আগে সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল ফের শুনানির আবেদন জানায়। এ আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন।
হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের আপিল শুনানি শেষে গত বুধবার সর্বোচ্চ আদালত আজকে (মঙ্গলবার) রায়ের জন্য দিন নির্ধারণ করে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির এ মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।