জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রেখে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।
দুদক ও রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে একইসঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেয়া হয়েছে।
তবে অন্য মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখার আর্জি জানিয়ে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহম্মদ আলী ও জয়নুল আবেদীন।
দ্রুত আপিল নিষ্পত্তি এবং খালেদার জামিন বাতিল চেয়ে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল জামিনের বিষয়ে আদেশের জন্য এ দিন ঠিক করে আদালত।
বিএনপি নেত্রীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিলের জন্য মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে আবারো শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল ফের শুনানির আবেদন জানায়। এ আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা না করে দুপুর ১২টায় অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন।
হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের আপিল শুনানি শেষে গত বুধবার সর্বোচ্চ আদালত গতকাল রায়ের জন্য দিন নির্ধারণ করে।
গত ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির এ মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
গত ১২ মার্চ ওই সাজা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদনের খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরদিন ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।