দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর তিতুমীর কলেজের ছাত্র নিহত রাজীব হোসেনের ভাইদের কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের করা লিভ টু আপিলের আদেশ কাল- মঙ্গলবার।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ পৃথক দুই আবেদনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ঠিক করেছে।
শুনানিতে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, কারও ওপর অবিচার হোক, আমরা তা চাই না। তবে হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করা হবে।
আদালতে বিআরটিসির পক্ষে শুনানি করেন এ বি এম বায়েজিদ ও মুনীরুজ্জামান। স্বজন পরিবহনের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ও পঙ্কজ কুণ্ডু।
রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানিতে অংশ নেন।
গত ৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা দেয়ার নির্দেশ দেয়।
ক্ষতিপূরণ হিসেবে রাজীবের পরিবারকে এ টাকা পরিশোধ করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও বেসরকারি পরিবহন কোম্পানি স্বজন পরিবহন। আগামী এক মাসের মধ্যে অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দেয় আদালত।
গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে এক হাত হারান রাজীব। এরপর তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।