রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতিতে চলা বাসের চাপায় নিহত ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী নাজিম উদ্দিনের (৪১) পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেছে।
স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহন সচিব, বিআরটিএ, বিআরটিসি, শ্রাবণ পরিবহন, মনজিল পরিবহন কর্তৃপক্ষসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৮ মে একটি দৈনিকে প্রতিবেদন ‘বুকের ওপর দিয়ে গেল বাস’ শিরোনামে ছাপা হয়।
প্রতিবেদনটি মঙ্গরভার আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা তাজ।
পরে শুনানি নিয়ে আদালত রুল জারি করে।
গত ১৭ মে রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়কের ওপর শ্রাবণ সুপার ও মনজিল নামের দুটি বাসের রেষারেষির মধ্যে শ্রাবণ পরিবহনের একটি বাসের চাপায় নাজিম উদ্দিন মারা যান।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় যাত্রাবাড়ী থানায় মামলা করেন নাজিম উদ্দিনের ভায়রা আবদুল আলিম।
নাজিম উদ্দিন সকালে যাত্রাবাড়ী থেকে মোটরসাইকেল যোগে গুলিস্তান যাচ্ছিলেন। মেয়র হানিফ উড়ালসড়কে উঠতেই মঞ্জিল ও শ্রাবণ পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতার মুখে পড়েন তিনি। শ্রাবণ পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সেতুর সড়কে পড়ে যান। ওই সময় বাসটি তার বুকের ওপর দিয়ে চলে যায়।
যাত্রাবাড়ীর শ্যামপুর এলাকায় নাজিমের বাসা। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। দুর্ঘটনার পাঁচ দিন আগে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি।