ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্তির বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আগামীকাল-সোমবার আদেশ দিন ঠিক করেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ আদেশ দেয়া হয়েছে।
ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্তির আদেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ মে রুল দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কয়েকজন শেয়ারহোল্ডার আবেদন করেন।
গত ২১ মে এর ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন ও আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আর ডেসটিনি ২০০০ লিমিটেডকে নিবন্ধন দেয়া দপ্তর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।
আদালত সূত্র জানা গেছে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব মার্জনার অনুমতি চেয়ে ও এজিএম আয়োজন বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে অবলুপ্তির প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত: ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এজিএম না হওয়ায় ডেসটিনির পরিচালক লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ও কয়েকজন শেয়ারহোল্ডার গত এপ্রিল মাসে আবেদনটি করেন।
হারুন-অর-রশীদ ছাড়া বাকি ৫ জন হলেন- কাজী মোহাম্মদ আশরাফুল হক, মো. সাইফুল আলম রতন, সিরাজুম মুনীর, মো.জাকির হোসেন এবং বিপ্লব বিকাশ শীল।