কুমিল্লায় দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।
আপিল বিভাগের ফুল বেঞ্চে আগামী ৩১ মে শুনানি হবে। উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেয় আদালত।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ঢাকায় দায়ের হওয়া মানহানির দুটি মামলায় তার জামিন আবেদনের বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছে হাইকোর্ট।
বিএনপি চেয়ারপারসনকে সোমবার কুমিল্লার দুই মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
একইসঙ্গে বিচারিক আদালতে নড়াইলের মানহানির মামলাটিতে জামিন আবেদনের অবস্থা সম্পর্কে কোনো সদুত্তর না পেয়ে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় আদালত। পরে জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার দুপুরে চেম্বার আদালতে ওই দুই মামলার শুনানি হয়।
উভয়পক্ষের শুনানি শেষে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করে চেম্বার আদালত— একইসঙ্গে আগামী ৩১ মে আপিল বিভাগের ফুল বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়।
সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে চায় না বলেই এ ধরনের আদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ তার আইনজীবীদের।
আর এ ধরনের মন্তব্য করা আদালত অবমাননার শামিল বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এদিকে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে আলাদা দুটি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাইকোর্টে শুনানি হয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছে আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের দণ্ডাদেশে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।