কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগ এ আদেশ দেয়।
এর আগে জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন।
দুই মামলায় গত সোমবার খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
জামিন স্থগিত চেয়ে একই দিন দুপুরে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই জামিন স্থগিত করা হয়। একইসঙ্গে আপিল বিভাগের ফুলবেঞ্চে এর ওপর শুনানির জন্য আজ দিন ঠিক করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এদিকে, ঢাকায় দুই মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর হাইকোর্টের আজ (বৃহস্পতিবার) আদেশ দেয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে।