নড়াইলের মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত। এদিকে, কুমিল্লায় নাশকতার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়া।
মঙ্গলবার জামিন শুনানি শেষে এ আদেশ দেন নড়াইল জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ।
খালেদা জিয়ার পক্ষে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলাটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।
এ মামলায় নড়াইলের আদালত দ্বিতীয়বারের মতো জামিন আবেদন নামঞ্জুর করেন এ বিচারক বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৩০ মে খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইল সদর আদালতে মানহানি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট খালেদা জিয়াকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। নির্ধারিত সময়ে খালেদা জিয়া আদালতে হাজিরা না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ওই বছরের ২৫ জুলাই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সমন জারি করে একই আদালত।
মামলার বিবরণে আরো জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি। তার এই বক্তব্য বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনি মিডিয়ায় প্রচার হয়। মামলার বাদী নড়াইলের চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবনে বসে এ খবরটি পড়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলা দায়ের করেন।
এদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে নড়াইলের আদালতে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর দুপুরে আরও একটি মানহানির মামলা দায়ের করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে বিতর্কিত বক্তব্যের অভিযোগে একই দিন (২৯ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামেও মানহানির মামলা দায়ের হয়। মামলা দু’টি দায়ের করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিয়া উপজেলার কালিয়া এলাকার শেখ আশিক বিল্লাহ।
এদিকে, কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টে খালেদা জিয়া জামিন আবেদন করেছেন।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ রানা বলেন, বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর দুই-একদিনের মধ্যে শুনানি হতে পারে।