স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইল আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ফের নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ জাহিদুল আজাদ এ আদেশ দেন।
এর আগে গত ২৬ জুন খালেদা জিয়ার জামিনের আবেদন করলে জামিন শুনানীর জন্য ২ জুলাই দিন ধার্য্য করা হয়। শুনানি শেষে বিচারক মঙ্গলবার আদেশের তারিখ ধার্য্য করেন।
স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মানহানি মামলা দায়ের করা হয়।
জেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ি নির্ধারিত সময়ে খালেদা জিয়া স্বশরীরে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।