নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি মৃতদেহ গুম করার অভিযোগে প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অনাদায়ে প্রত্যেককে ছয়মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি অপরাধ প্রমানিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়।
রায় ঘোষণার সময় হত্যা মামলার সাত আসামির তিনজন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর চার আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
২০১৪ সালে ১৫ আগস্ট বন্ধু ইকবালের কাছে পাওনা পাঁচলাখ টাকা চাইতে গিয়ে নিখোঁজ হন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন।
১৭ আগস্ট একটি ডোবা থেকে তার হাত-পা বিহীন বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।