সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম হরিদাস কুমারের কাছে অভিযোগপত্র জমা দেন।
মামলার মূলহোতা ফয়জুল হাসান ফয়েজসহ তার পিতা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাতা মোছাম্মৎ মনিরা বেগম, ভাই এনামুল হাসান, মামা মোহাম্মদ ফজলুল রহমান, ও তার বন্ধু মোহাম্মদ সোহাগ মিয়া অভিযুক্ত দেখানো হয়েছে। অভিযুক্তরা সবাই কারাগারে রয়েছে।
এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মামলার বিস্তারিত জানানো হয়।
ফয়জুল বিভিন্ন হুজুরের ওয়াজ শুনে ও ভিডিও দেখে নিজ থেকে মুহাম্মদ জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করেছিলো বলে জানায় পুলিশ। গত ২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাফর ইকবালকে হত্যার চেষ্টা করে ফয়জুল।